লালপুরে অবৈধ মাটি উত্তোলনে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


লালপুর উপজেলা প্রতিনিধি,শামসুল ইসলাম প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
লালপুরে অবৈধ মাটি উত্তোলনে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুর থানার পালপাড়া–বাকনাই এলাকায় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে একটি ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১০ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাটি উত্তোলনের সময় ইটভাটা সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল হোসেন (৩৫) নামের একজনকে আটক করা হয়। তিনি বাকনাই পালপাড়া এলাকার বাসিন্দা এবং (এসএমকে) ইটভাটার মালিক বলে জানা গেছে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের অভিযানে আটক ব্যক্তিকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের আদালতে হাজির করা হয়। আদালত তাকে জরিমানার আদেশ দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।