
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁও এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এরপর থেকে সারাদেশে একযোগে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম চলবে।
টিসিবির তথ্য অনুযায়ী, এবার সারাদেশে মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে শুক্রবার ছাড়া আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে প্রায় ৪০০ জন সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন।
এ কার্যক্রমের আওতায় ভোক্তা প্রতি সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১৩০ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা) এবং ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা) কেনার সুযোগ থাকবে। এই বিক্রয়ে টিসিবির স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না, ফলে যে কোনো সাধারণ ভোক্তা সরাসরি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। টিসিবি জানিয়েছে, এই ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।
এছাড়া, টিসিবির বিদ্যমান প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের জন্যও ঈদ উপলক্ষে মে মাসে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এসব পরিবার নিয়মিতভাবে নির্ধারিত পরিমাণে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল পাচ্ছে, যার পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :