‎৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
‎৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। শনিবার (৯ মে) সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সারফরাজ ফুড ইন্ডাস্ট্রির উদ্বোধন ঘোষণা করেন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির ভিত্তি ক্ষুদ্র ও কুটির শিল্প খাতকে আরও শক্তিশালী করা হবে, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আঞ্চলিক বৈষম্যও কমে আসে। এ খাতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ ও নীতিগত সহায়তা দেবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষা করে শিল্পায়নকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। এসব শিল্প বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুত্তাকিম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সৈয়দপুরের রাজনৈতিক ও শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধিরাও।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিসিক শিল্পনগরীর মতো স্থানীয় শিল্পাঞ্চলগুলো কার্যকরভাবে ব্যবহার করা গেলে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। তবে এজন্য অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী করা জরুরি। সরকারের ঘোষিত এই কর্মসংস্থান লক্ষ্য বাস্তবায়িত হলে দেশের শ্রমবাজারে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।