১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (১০ মে) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলটির কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। সারজিস আলম বলেন, “আমরা ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছি। আগামী ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, দলটি একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করছে। সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিরাও এনসিপির প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন। তার ভাষায়, “যারা মানুষের সঙ্গে কাজ করেছেন, গ্রহণযোগ্য নেতৃত্ব দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের জুলুম বা ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ নেই—তারা যে কোনো রাজনৈতিক দলের হলেও আমাদের প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।”

তিনি আরও বলেন, আবেদনগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলটি চায়, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বকে সামনে আনা হোক, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। এনসিপি জানিয়েছে, প্রার্থী ঘোষণার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে তালিকা প্রকাশ করা হবে।