
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষণে তিন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার (১০ মে) ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়া-এর স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।
এতে আরও বলা হয়েছে, সফরসংক্রান্ত সব ব্যয় বহন করবে কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৭ মে তারা দেশত্যাগ করবেন এবং ১১ দিনের সফর শেষে আগামী ৭ জুন দেশে ফিরবেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরে বাংলাদেশেও চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার নির্বাচন পদ্ধতি, প্রযুক্তি ব্যবহার, ভোট ব্যবস্থাপনা ও নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তারা।
ইসি সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণের মাধ্যমে আধুনিক ও কার্যকর নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পাওয়া সম্ভব হবে। সেই অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে আয়োজনের ক্ষেত্রে কাজে লাগতে পারে।
আপনার মতামত লিখুন :