
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়া এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে মোটরসাইকেলযোগে বড় আখিড়া রেলগেট অতিক্রম করছিলেন আলমগীর কবির। এ সময় সারবোঝাই একটি ট্রাক রেলগেট পার হওয়ার সময় হঠাৎ পিছনের দিকে চলে এলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক সেকেন্দার আলীকে আটক করেছে পুলিশ।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত জানান, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :