সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে সুন্দরবন এলাকায় জলদস্যুদের তৎপরতা বন্ধ, চাঁদাবাজি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া শহরের যানজট নিরসনে বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর, ট্রাক স্ট্যান্ড স্থাপন, চিংড়িতে জেলি পুশ বন্ধ, জলাবদ্ধতা নিরসন এবং কুরবানির হাট ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এছাড়া সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা জেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।