
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক দূরত্ব ও টানাপোড়েন কাটিয়ে নতুন করে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দেশের মধ্যে পারস্পরিক নিরাপত্তা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে, যা আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ঢাকায় স্বাক্ষরিত এই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত এবং নিরাপত্তা সমন্বয়ের আনুষ্ঠানিক কাঠামো তৈরি হয়েছে। এতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
রোববার (১০ মে) শ্রীলঙ্কার অনলাইন সংবাদমাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে জানায়, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর এটি দুই দেশের মধ্যে প্রথম প্রকাশ্য ও কাঠামোবদ্ধ নিরাপত্তা সহযোগিতা। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (৮ মে) ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি।
আনুষ্ঠানিকভাবে এটি মাদকবিরোধী ও মানবপাচারবিরোধী সহযোগিতা হিসেবে উপস্থাপন করা হলেও, বিশ্লেষকদের মতে চুক্তির পরিধি আরও বিস্তৃত। এতে ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’, গোপন তথ্য আদান-প্রদান এবং যৌথ তদন্ত ব্যবস্থার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এটি একটি বিরল ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন সীমিত যোগাযোগের পর এই সমঝোতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
চুক্তির আওতায় বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের অ্যান্টি-নারকোটিক্স ফোর্সের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ বিনিময়ের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধুমাত্র মাদক ও চোরাচালান দমনের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বরং ভবিষ্যতে এটি আরও বিস্তৃত নিরাপত্তা সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।
দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত অপরাধ এবং আঞ্চলিক শক্তির প্রভাব বিবেচনায় এই সমঝোতা বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন এই কাঠামো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেটিই ভবিষ্যতে নির্ধারণ করবে দুই দেশের সম্পর্ক কোন দিকে অগ্রসর হবে।
আপনার মতামত লিখুন :