রাষ্ট্রের অবকাঠামোকে ডিজিটালাইজেশন করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
রাষ্ট্রের অবকাঠামোকে ডিজিটালাইজেশন করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

রাষ্ট্রের অবকাঠামোকে ডিজিটালাইজেশন করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে তিনি বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এখনও অনেকাংশে এনালগ কাঠামোর ওপর নির্ভরশীল, যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে কার্যকর নীতিমালা বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে।

রোববার (১০ মে) সকালে রাজধানীর ডেফোডিল ভবন-এ বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্র এখনও এনালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে, অনেকটা বাটন ফোনের মতো। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে নির্দিষ্ট ছক বা কাঠামো তৈরি করা কঠিন হয়ে পড়ছে।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কিন্তু এ খাতে কার্যকর ও সুস্পষ্ট নীতিমালার অভাব রয়েছে। এর ফলে সচেতনতামূলক কার্যক্রম, তথ্য যাচাই বা দায়িত্বশীল কনটেন্ট প্রচারে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার ধীরে ধীরে রাষ্ট্রীয় বিভিন্ন খাতকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে। প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে তরুণদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তারা তরুণদের নৈতিক মূল্যবোধ গঠনে ইতিবাচক ও শিক্ষামূলক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ গঠনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা প্রয়োজন।

এ সময় আলোচকরা স্থায়ী শিক্ষা কমিশন গঠন এবং জাতীয় শিক্ষাক্রমে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেন। তাদের মতে, প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থায় মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করা জরুরি।