পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকালে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্যারেড কমিটির সভাপতি অতিরিক্ত আইজিপি একেএম আওলাদ হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্রধানমন্ত্রী একটি লাল-সবুজ খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে আয়োজিত সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড চলাকালে পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র অবদান ব্যাকগ্রাউন্ড উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। কুচকাওয়াজে অংশ নেওয়া বিভিন্ন ইউনিটের সদস্যরা শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রদর্শন করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত আইজিগণ, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। আজ শুরু হওয়া এ আয়োজনের বিভিন্ন কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে। এ সময় পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে বিভিন্ন আলোচনা ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।