পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তন-এ ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’-য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল দীর্ঘ ৪০ বছর চাকরি করেও পরবর্তী পদোন্নতি পান না। এ বাস্তবতা বিবেচনায় বিশেষ নীতিমালা অনুযায়ী এবং সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে অবসরের সময় কিছু সংখ্যক সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়া হবে। তিনি জানান, কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), এএসআই থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং এসআই থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতির বিষয়টি সরকার বিবেচনা করছে।

পুলিশ সদস্যদের অতিরিক্ত কর্মঘণ্টার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনের চাপ ও দীর্ঘ কর্মঘণ্টা বিবেচনায় বিশেষ নীতিমালার মাধ্যমে ওভারটাইম ভাতা চালুর চিন্তা করছে সরকার। এক্ষেত্রে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যদের আওতায় আনা হতে পারে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে। প্রয়োজন অনুযায়ী নতুন ও উন্নত হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

তিনি জানান, পুলিশ বাহিনীর আবাসন সংকট নিরসন ও বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণেও সরকার গুরুত্ব দিচ্ছে। ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই মাসে দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং ও মব কালচার মোকাবিলায় যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চলছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম