পদক প্রদান স্থগিত রেখেই শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
পদক প্রদান স্থগিত রেখেই শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম পুলিশ সপ্তাহ উদ্বোধন।

তবে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের শুরুতেই এসেছে বড় ধরনের পরিবর্তনের খবর। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর প্রদান করা ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবার স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত সদস্যদের নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ ওঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়।

অভিযোগ রয়েছে, তালিকাভুক্ত অন্তত ১১ জন কর্মকর্তা অতীতেও একই ধরনের পদক পেয়েছিলেন। এছাড়া একজন কর্মকর্তা দুবার পদক পেয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক আলোচনা-সমালোচনা ও অসন্তোষ তৈরি হলে শেষ মুহূর্তে পদক বিতরণ বন্ধ রাখা হয়।

পদক স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক দেওয়ার পরিকল্পনা থাকলেও তা আপাতত হচ্ছে না। পরে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবার সাত দিনের পরিবর্তে চার দিনে সীমিত করা হয়েছে পুলিশ সপ্তাহের আয়োজন। আগামী ১৩ মে শেষ হবে এই কর্মসূচি। এবারের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন।

চার দিনের কর্মসূচিতে রয়েছে পুনাক স্টল পরিদর্শন, প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান এবং মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার বিতরণ। পাশাপাশি বিভিন্ন কর্ম-অধিবেশনে পুলিশের গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এ সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন মৌলিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।