ধ্বংসস্তুপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
ধ্বংসস্তুপ থেকে দেশ পুনর্গঠনই বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

দেশকে বর্তমান ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধ ছিল দেশ, জনগণ ও গণতন্ত্র রক্ষার। সেই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন এবং এখন আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।”

তিনি বলেন, “আজকে আমরা একটি ধ্বংসস্তুপের মধ্যে থেকে সরকারে এসেছি। যেদিকে তাকাবেন সেদিকে শুনবেন—নাই, নাই, নাই। এই অবস্থার মধ্য থেকে রাষ্ট্র ও দলকে পুনর্গঠন করাই আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।”

দলীয় মহাসচিব আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি দাবি করেন, বিএনপির নেতা তারেক রহমান নির্বাসনে থেকেও আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং সফল গণআন্দোলনের মাধ্যমে দলকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছেন।

তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং জনগণের কাছে দলের কার্যক্রম পৌঁছে দিতে হবে।

এর আগে সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।