
আসাদুজ্জামান নূর রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং শেখ আবু তাহের-এর হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
এর আগে মিরপুর থানায় দায়ের করা সিয়াম সরদার (১৭) হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ একাধিক ব্যক্তির সঙ্গে আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর এলাকায় ওই কিশোরকে হত্যা করা হয়। পরবর্তীতে তার বাবা সোহাগ সরদার ১২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।
এ মামলায় আসাদুজ্জামান নূর ছাড়াও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নাম রয়েছে। পূর্বে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাকে ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ হাইকোর্টের এই জামিন আদেশে তার আইনগত অবস্থানে নতুন মোড় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :