
দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মহাদেবপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনায় দায়ের করা একটি সিআর মামলার নোটিশ পাওয়ার পর অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে শুক্রবার (৯ মে) দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে তারা বাদীপক্ষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় বাড়ির নারী সদস্যদের মারধর, শ্লীলতাহানি এবং হত্যাচেষ্টার অভিযোগও উঠেছে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
গুরুতর আহত আশিফা আক্তার ও জেসমিন আক্তারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মহাদেবপুর এলাকার মৃত আলফাজ উদ্দিনের ছেলে শাহীন আলম বাদী হয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আতাউর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩), রবিউল ইসলাম (৪৭), আবুল কালাম (৫৪)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জমি বিরোধকে কেন্দ্র করে পূর্বেও উভয় পক্ষের মধ্যে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলেও জানা গেছে।
আপনার মতামত লিখুন :