
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রাতে তিনি দক্ষিণ কোরিয়ার পথে যাত্রা করবেন বলে রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন। এই আন্তর্জাতিক ফোরামটি মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণের বৈশ্বিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
সফরকালে তিনি বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন, যেখানে মানবাধিকার পরিস্থিতি, নাগরিক অধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বৃদ্ধির উপায় নিয়ে আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হবে। এছাড়াও বিভিন্ন দেশের নীতিনির্ধারক, মানবাধিকারকর্মী ও গবেষকদের সঙ্গে আলোচনা করার সুযোগও পাবেন তিনি।
আন্তর্জাতিক এই সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেবেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসব কার্যক্রমের মাধ্যমে প্রবাসী রাজনৈতিক ও সামাজিক নেটওয়ার্ক আরও সুসংগঠিত করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তার সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এ ধরনের ফোরামে অংশগ্রহণ বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতৃত্বের বৈশ্বিক সংযোগ ও কূটনৈতিক অভিজ্ঞতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। একই সঙ্গে মানবাধিকার ও গণতান্ত্রিক আলোচনায় দেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :