
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নিশ্চিত করেছে।
বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে তিনি বিজয়ের আগামী মেয়াদের জন্য শুভকামনা জানান এবং রাজ্য পরিচালনায় সাফল্য কামনা করেন।
মোদি তার বার্তায় আরও উল্লেখ করেন, তামিলনাড়ুর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে এবং জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে জনপ্রিয়তার শীর্ষে থাকা থালাপতি বিজয় পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) গঠন করে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তার দল নিরঙ্কুশ জয় লাভ করলে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিজয়ের এই নতুন রাজনৈতিক যাত্রা ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তার শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র জগতের তারকারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার রাজনীতিতে এমন উত্থান এবং কেন্দ্রীয় সরকারের ইতিবাচক প্রতিক্রিয়া তামিলনাড়ুর ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
আপনার মতামত লিখুন :