ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানায়, সোমবারের (১১ মে) মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর ফলে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। পরবর্তী সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আপনার মতামত লিখুন :