
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার-এ অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হবে।
দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এর আগে শনিবার (৯ মে) রাতে কমিটির চেয়ারম্যান সারজিস আলম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। একই সঙ্গে দলের বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরাও এতে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংগঠিতভাবে অংশ নিতে প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ের প্রস্তুতির অংশ হিসেবেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে। এনসিপি নেতারা আশা করছেন, প্রথম ধাপের এই ঘোষণা স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নির্বাচনী মাঠে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :