চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১০ মে) ঘোষিত এই স্কোয়াডে কিছু চমক ও পরিবর্তন দেখা গেছে।

দলে জায়গা হারিয়েছেন শারমিন সুলতানা, আর নতুন করে সুযোগ পেয়েছেন তাজ নেহার। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে বাজে পারফরম্যান্সের পর দল পুনর্গঠনের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই সিরিজে বাংলাদেশ ওয়ানডেতে ২-১ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরেছিল।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ১২ দলের এই মেগা টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপ ‘এ’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, ভারত নারী ক্রিকেট দল, পাকিস্তান নারী ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এবং নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল

গ্রুপ ‘বি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন এজবাস্টনে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে দলটি।

বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক নাহিদা আক্তার। দলে আরও রয়েছেন দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস।

নতুন স্কোয়াড নিয়ে সমর্থকদের মধ্যে প্রত্যাশা যেমন আছে, তেমনি শক্তিশালী গ্রুপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে—তা নিয়েও আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।