
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বড় ধরনের সাফল্য অর্জন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সীমান্তের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৭টা ২০ মিনিটে গংগারহাট বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে আসতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৪০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :