কলারোয়ায় আমবাগান থেকে দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
কলারোয়ায় আমবাগান থেকে দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামির হোসেন ওই এলাকার মারুফ হোসেনের ছেলে। তিনি সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং চলমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি আমবাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সামিরের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।