
এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যেই ঈদ বোনাস পেতে পারেন বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।রোববার (১০ মে) অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে এখনো ঈদ বোনাসের অর্থ ছাড় হয়নি। বর্তমানে এ সংক্রান্ত ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ঈদ বোনাসের ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাধারণত নিয়ম অনুযায়ী ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় করা হয়। সে হিসেবে আগামী সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা বোনাস পেতে পারেন বলে আশা করা হচ্ছে।
দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের মাদরাসা রয়েছে ৫ হাজার ৭৬৭টি, আলিম ১ হাজার ২৮৫টি, ফাজিল ৯৯৩টি এবং কামিল পর্যায়ের মাদরাসা রয়েছে ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। ঈদকে সামনে রেখে বোনাসের অর্থ ছাড় হলে তারা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতি বছর ঈদ উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সরকার বোনাস প্রদান করে থাকে। এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বোনাস ছাড় হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :