
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাদের অপসারণ দাবি করেছে ‘এসডিএফ কর্মচারী ঐক্য পরিষদ’। এ দাবিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন এসডিএফ প্রধান কার্যালয়ের যুব ও কর্মসংস্থান বিভাগের জেনারেল ম্যানেজার ফৌজিয়া তৌহিদ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চেয়ারম্যান ড. আব্দুল মজিদ সংস্থার মানবসম্পদ নীতিমালা লঙ্ঘন করে সাবেক এনবিআর নিরীক্ষক নুরুল আমিনকে নিয়মবহির্ভূতভাবে এমডি পদে নিয়োগ দিয়েছেন। বয়সসীমা অতিক্রম করলেও তাকে বহাল রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে, যা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী বলে দাবি করা হয়।
এছাড়া চলমান আরইএলআই (RELI) প্রকল্পে ৩,২০০ গ্রাম সমিতির জন্য ল্যাপটপ ক্রয়ে অনিয়মের অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে ক্রয়ের নিয়ম বাতিল করে নিম্নমানের ল্যাপটপ সরবরাহের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
যুব প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রেও স্বজনপ্রীতির অভিযোগ তুলে বলা হয়, যোগ্য প্রতিষ্ঠান বাদ দিয়ে অতিরিক্ত ব্যয়ে ইউসেপ বাংলাদেশ-কে কাজ দেওয়া হয়েছে, যেখানে চেয়ারম্যান নিজেই বোর্ড সদস্য হিসেবে যুক্ত। একই সঙ্গে নতুন প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে ‘নিয়োগ বাণিজ্যের’ আশঙ্কার কথাও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসসিএমএফপি (SCMFP) প্রকল্পের ৩২০ কর্মীকে সম্প্রতি চাকরিচ্যুত করায় বর্তমানে কর্মরত প্রায় ১,২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
কর্মকর্তারা দাবি করেন, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক চলমান প্রকল্প থেকে সরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা এসডিএফকে রক্ষায় দ্রুত চেয়ারম্যান ও এমডির অপসারণ এবং সৎ ও দক্ষ নেতৃত্ব নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন) মোঃ লুৎফর রহমান, আঞ্চলিক পরিচালক (কুমিল্লা) মীম জুলফিকার, জেনারেল ম্যানেজার (আইসিবি) এসএম তৌহিদুর রহমান এবং জেনারেল ম্যানেজার (এইচআর) মোঃ শহীদুল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডিএফ কর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল লতীফ।
আপনার মতামত লিখুন :