আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (১০ মে) রাজধানীর ইস্কাটন রোড-এর লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষের চাপ থাকে, তাই সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নৌ সেক্টরকে আরও কার্যকর ও নিরাপদ করতে কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে পারলে নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে অনুমোদনবিহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্টরা বলছেন, ঈদ মৌসুমে সড়ক ও নৌপথে অতিরিক্ত চাপ থাকে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে।সব মিলিয়ে আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ রাখতে সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :