আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধের কাজে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধের কাজে অনিয়ম, কাজ সাময়িক বন্ধ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, প্রায় ১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃখননের পর নদীর তীব্র স্রোতে গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে বাজারের বহু দোকানপাট, ঘরবাড়ি, অফিস ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে। স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ এই বাজারে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে।

বাজার ও আশপাশের এলাকা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণকাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং। প্রকল্প অনুযায়ী পাইলিংয়ের ভেতরে বালিভর্তি জিও ব্যাগ ফেলার কথা থাকলেও অভিযোগ রয়েছে, কিছু অংশে পাইলিং ছাড়াই জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ১০০ থেকে ১৫০ ফুট এলাকায় এভাবে কাজ সম্পন্ন হয়েছে বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ী শরিফুজ্জামান মুকুল শিকারী, বকুল শিকারী এবং শরিফুল ইসলাম শরীফ অনিয়মের বিষয়টি দেখতে পান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।

কাজের দায়িত্বে থাকা মো. ঈসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাইলিংয়ের ভেতরে কাজ হওয়ার কথা স্বীকার করেন। তবে পাইলিং ছাড়া কাজ কেন হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ডের এসডিই রাশিদুল ইসলাম বলেন, “পাইলিংয়ের ভেতরেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পরে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ইউএনও’র নির্দেশনা অনুযায়ী কাজ বন্ধ রাখেন এবং শ্রমিকদের পাইলিংয়ের বাইরে কোনো কাজ না করার জন্য সতর্ক করেন।