আলফাডাঙ্গায় খাল খনন কর্মসূচির যাত্রা শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো


ফরিদপুর ভ্রাম্যমান প্রতিনিধি, জাফর আলী প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় খাল খনন কর্মসূচির যাত্রা শুরু, জলাবদ্ধতা নিরসনে আশার আলো

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী। উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশ সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যান্য বক্তারাও স্থানীয় উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খননের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদনশীলতা বাড়বে এবং এলাকার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠান শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের পাশাপাশি এই প্রকল্প কৃষি ও জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।