আপসের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল, কারাগারে পিএমখালীর আলমগীর


কক্সবাজার প্রতিনিধি, মোহাম্মদ নোমান প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
আপসের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল, কারাগারে পিএমখালীর আলমগীর

জোরপূর্বক জমি দখল ও ভূমি অপরাধ প্রতিরোধ আইনের একটি মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল করে আলমগীর নামের এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত তারিখে জামিনে থাকা আসামি আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। তবে পূর্বে নির্ধারিত আপসের শর্ত ভঙ্গ হওয়ায় বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, এর আগে গত ৮ এপ্রিল আদালত আপসের শর্তে আলমগীরকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ রবিবার পর্যন্ত কার্যকর ছিল। কিন্তু শর্ত ভঙ্গের অভিযোগ ওঠায় তার জামিন বাতিল করা হয়।

অভিযোগে বলা হয়, রুবেল হোসেন জিয়ার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে আলমগীরের নেতৃত্বে একটি চক্র। এ ঘটনায় ২০২৫ সালের ২৩ নভেম্বর তিনি কক্সবাজার আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ৮ এপ্রিল তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আপসের শর্তে অস্থায়ী জামিন পান।

আসামি আলমগীর কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মনসুর আলমের ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। শর্ত ভঙ্গের কারণে শেষ পর্যন্ত আদালত তার জামিন বাতিল করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।