আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান: অ্যাম্পুল ও হেরোইনসহ দুই কারবারি আটক


​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান: অ্যাম্পুল ও হেরোইনসহ দুই কারবারি আটক

নওগাঁর আত্রাই উপজেলায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১ দশমিক ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার ভর তেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) এবং একই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২)। পুলিশ জানিয়েছে, প্রিন্সের বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার নামে একাধিক ওয়ারেন্টও রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটক প্রিন্স দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত আত্রাই গড়তে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।