
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গুচ্ছগ্রামে জিন্নাহ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত জিন্নাহ ওই এলাকার মোহর আলীর ছেলে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত একদল দুর্বৃত্ত জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ পার্শ্ববর্তী দাউদ মাস্টারের পুকুরপাড়ে ফেলে রেখে যায়। শনিবার সকালে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বৃহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :