বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) প্রবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কেআইবি মিলনায়তনে প্রবেশ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, সভায় কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। তারা নিজ নিজ সংগঠনের সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরবেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করবেন।
সভা শুরুর আগেই কৃষিবিদ ইনস্টিটিউট এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় দলীয় স্লোগানে পুরো এলাকা সরব হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিএনপি নেতারা মনে করছেন, এই মতবিনিময় সভার মাধ্যমে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয় আরও জোরদার হবে।
আপনার মতামত লিখুন :