
প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়—এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার (৯ মে) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। চার দিনব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে রোববার (১০ মে) থেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বাণীতে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণের কাছে সেবা ও আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, ভুক্তভোগীরা যেন তাদের প্রাপ্য আইনি সেবা সহজে ও যথাযথভাবে পেতে পারে, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, অপরাধ দমনের পাশাপাশি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে যেমন কঠোর হতে হবে, তেমনি নিরপরাধ কেউ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
এদিকে পুলিশ মহাপরিদপ্তর (আইজিপি) তার বাণীতে বলেন, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের মাধ্যমে বাহিনীর কার্যক্রমকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি জানান, এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ।” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ জনগণের আস্থা অর্জন করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৩ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :