খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁও জেলার নবনির্মিত বিসিক শিল্পনগরীকে কেন্দ্র করে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) সকালে তিনি ঠাকুরগাঁওয়ের নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন এবং সেখানে চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে শিল্পমন্ত্রী বলেন, উত্তরের এই জনপদে আলু, চা ও দুগ্ধভিত্তিক শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমতলের চা চাষ এবং বিদেশে রপ্তানিযোগ্য মোজারেলা চিজ উৎপাদনের সফলতাকে ভিত্তি করে এখানে বড় আকারের শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে রপ্তানিমুখী শিল্প বিকাশ ঘটানো। কৃষকদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বলেন, এই শিল্পনগরী বাস্তবায়িত হলে শুধু ঠাকুরগাঁও নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্রে পরিবর্তন আসবে। স্থানীয় তরুণদের জন্য বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই শিল্পনগরী চালু হলে অঞ্চলটির কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে। শিল্পমন্ত্রীর মতে, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।