সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১২৮টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।

শনিবার (৯ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে হজ হেল্প ডেস্ক।

বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে গেছেন ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ২৫ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে। গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। বিজি-৩০০১ নম্বর ওই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।