সেলফি তুলতে এসে রোহিতের রোলেক্স ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
সেলফি তুলতে এসে রোহিতের রোলেক্স ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। এরই মধ্যে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় অস্বস্তিকর এক ঘটনার মুখে পড়েছেন এই তারকা ব্যাটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজের গাড়িতে বসে কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলছিলেন রোহিত শর্মা। তিনি ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছাও জানান। এক পর্যায়ে এক ভক্ত সেলফি তোলার আবদার করলে তাতেও সাড়া দেন তিনি।

তবে সেলফি তোলার সময় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত হঠাৎ গাড়ির খুব কাছে চলে আসেন এবং রোহিত শর্মার হাতে থাকা ঘড়িটির দিকে হাত বাড়ান। তিনি ওই সময় রোলেক্স জিরাফ মডেলের একটি দামি ঘড়ি পরেছিলেন বলে জানা গেছে, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে দ্রুত বিষয়টি বুঝতে পেরে হাত সরিয়ে নেন রোহিত শর্মা। আকস্মিক এই ঘটনায় তিনি দৃশ্যত বিরক্ত হয়ে পড়েন এবং ভক্তকে উদ্দেশ করে কিছু বলতে দেখা যায়। পরে তিনি দ্রুত গাড়ির জানালা বন্ধ করে দেন।

ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই খেলোয়াড়দের নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশ্লেষকদের মতে, জনপ্রিয় ক্রীড়াবিদদের সঙ্গে ভক্তদের ঘনিষ্ঠতার সময় নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা প্রয়োজন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।