সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল হামিদ।

সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জুনায়েদ আকবর, মাস্টার বিধান চন্দ্র দাস, গোবিন্দ লাল ঘোষ, উৎপল সাধু, অধ্যাপক দেব্রজিৎ মিত্র, অধ্যাপক আসাদুল হক, অধ্যাপক অরুণ রায়, কবি তপন কুমার পাল, শেখ জাকির হোসেন, প্রজ্ঞা হালদার, তন্দ্রা মুখার্জি ও তিমা ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার রায়।

বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও দর্শন যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। তারা আরও বলেন, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং নৃত্য উপস্থাপন করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।