
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের নিজ সরাইল ব্রিজ থেকে উচালিয়া পাড়া পর্যন্ত খালটি বন্ধ হয়ে যাওয়ায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিজ সরাইল, আলীনগর ও ছোট দেওয়ান পাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা যায়, কয়েকদিন ধরে ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তায় ময়লা পানি জমে রয়েছে। বিশেষ করে শিশুরা ওই পানির মধ্যে চলাচল করায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিনের এ সমস্যার সমাধানের দাবিতে শনিবার (৯ মে) সকাল ১১টায় নিজ সরাইল ব্রিজ সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মানববন্ধনকারীরা তার গাড়ি থামিয়ে জলাবদ্ধতার দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনি ভুক্তভোগীদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মানববন্ধনে বক্তব্য দেন জাহাঙ্গীর মিয়া, বাদল মিয়া, কালা মিয়া ও আজিম মিয়া। বক্তারা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে খালে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করছেন এবং বিভিন্ন অংশ দখল করে রেখেছেন। তারা দ্রুত খালটি পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন :