সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সরকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (৯ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এজন্য সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি জানান, দেশে বর্তমানে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সব কেন্দ্রে সমান সুযোগ-সুবিধা নেই। কোথাও অবকাঠামো ঘাটতি, আবার কোথাও প্রশিক্ষণার্থীর সংখ্যা কম। এসব সমস্যা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

নুরুল হক নুর বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং প্রবাসী আয়ের পরিমাণও বাড়বে। তিনি আরও বলেন, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে তরুণদের বৈশ্বিক চাহিদার উপযোগী করে গড়ে তোলা সরকারের লক্ষ্য। তিনি জানান, দেশে বর্তমানে ছয়টি মেরিন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং আরও ৪০টি কেন্দ্র চালুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি নতুন আরও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের বর্তমান শ্রমবাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার হলে ভবিষ্যতে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে।