অ্যামোনিয়া সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) শনিবার (৯ মে) সকাল থেকে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল। তিনি জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পুনরায় উৎপাদনে ফেরায় ডিএপি কারখানায় আবার অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়েছে। কিছুদিন অ্যামোনিয়া মজুত করার পর শনিবার সকাল থেকে কারখানা চালু করা হবে এবং দুপুর নাগাদ উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ডিএপিএফসিএল সূত্র জানায়, প্রতিষ্ঠানটি শুরু থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কাফকো থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন করে আসছে। তবে গ্যাস সংকটের কারণে দুটি কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেলে অ্যামোনিয়া সরবরাহও বন্ধ হয়ে যায়। মজুত অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপি কারখানার উৎপাদন সাময়িকভাবে স্থগিত করতে হয়।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপিএফসিএল ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারখানাটি। এর দুটি ইউনিট—ডিএপি-১ ও ডিএপি-২—মিলিয়ে দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ টন।
এদিকে কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ জানান, সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে ১ মে গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে প্রস্তুতি শেষে ২ মে বিকেল থেকে উৎপাদন শুরু করা হয়। বর্তমানে কাফকোতে প্রতিদিন প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে। ফলে ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহও স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, সরকারি নির্দেশনায় গত ৪ মার্চ থেকে কাফকো ও সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে কাফকো চালু হলেও সিইউএফএল এখনো বন্ধ রয়েছে। তবে কাফকোর উৎপাদন শুরু হওয়ায় ডিএপি কারখানার কার্যক্রমও আবার সচল হচ্ছে।
আপনার মতামত লিখুন :