শ্যামনগরে বাবার বাড়িতে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা’


খুলনা ব্যুরো, বরুণ ব্যানার্জী প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
শ্যামনগরে বাবার বাড়িতে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা’

সাতক্ষীরার শ্যামনগরে বাবার বাড়িতে চম্পা রানী মন্ডল (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার পর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত চম্পা রানী মন্ডল ওই গ্রামের মৃত শ্রী রবিন্দ্রনাথ মন্ডলের কন্যা। তার শ্বশুরবাড়ি শ্যামনগর পৌরসভার কল্যাণপুর এলাকায়। তিনি পেশায় ইটভাটা শ্রমিক শ্রী স্বরজিৎ ধীবরের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি তার চার মাস বয়সী শিশুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার গভীর রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (৯ মে) ভোরে চার মাস বয়সী শিশুর কান্না শুনে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা খুলে চম্পা রানীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। স্থানীয়দের সহযোগিতায় তাকে নামিয়ে পরীক্ষা করে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।