শেষবারের মতো আপন ঠিকানায় ফিরছেন বৃষ্টি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
শেষবারের মতো আপন ঠিকানায় ফিরছেন বৃষ্টি

উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে হাসিমুখে দেশ ছেড়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। বাবা-মায়ের চোখজুড়ে ছিল গর্ব আর আশা—পিএইচডি ডিগ্রি অর্জন করে একদিন সফল হয়ে দেশে ফিরবেন তাদের মেয়ে। কিন্তু নির্মম নিয়তির পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে কফিনবন্দি অবস্থায় দেশে ফিরলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি।

শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিশেষায়িত সরকারি অ্যাম্বুলেন্সে তার মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হয়।

মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৃষ্টির বাবা-মা, ভাই, মামা, নানা ও পরিবারের অন্য সদস্যরা। সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। কফিন ছুঁয়ে শেষবারের মতো বিদায় জানান স্বজনরা। মেয়ের মরদেহ দেখে বারবার কান্নায় ভেঙে পড়েন মা। আহাজারি করতে করতে মেয়ের নাম ধরে ডাকছিলেন তিনি। উপস্থিত অনেকেই সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কাজ করছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ সরাসরি মাদারীপুরের গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।

স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনায় ভরা একটি জীবনের এমন করুণ পরিণতিতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে মেয়েকে একদিন নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাঠানো হয়েছিল, আজ তাকে নিথর দেহে গ্রহণ করতে হলো পরিবারকে।