রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকালে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন হবে।

এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের শৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন এবং অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে পুলিশ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলাকে রাষ্ট্রের স্থিতিশীলতা ও উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও জনসেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পৃথক বাণীতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বার্ষিক পুলিশ প্যারেডে বিভিন্ন কন্টিনজেন্ট অংশ নেবে এবং সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এবারের পুলিশ সপ্তাহে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।