
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামির অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।
শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। পোস্টে তিনি এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড, নেতৃত্বের আচরণ এবং মসজিদকেন্দ্রিক কর্মসূচি নিয়ে কঠোর সমালোচনা করেন।
রাশেদ খাঁন দাবি করেন, শহীদ ওসমান হাদী জীবিত থাকাকালীন এনসিপির তিনটি বড় সমস্যা চিহ্নিত করেছিলেন। এর মধ্যে রয়েছে—জুলাই আন্দোলনকে দলীয়ভাবে কুক্ষিগত করা, দুর্নীতির অভিযোগ এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য নষ্ট করা। তিনি আরও বলেন, হাদীকে জীবিত অবস্থায় এড়িয়ে চলা হলেও মৃত্যুর পর তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন মসজিদে গিয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন এবং কর্মসূচি প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্থান ও সময় শেয়ার করছেন। এতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতাকর্মীদের জমায়েত তৈরি হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মসজিদের মতো পবিত্র স্থানকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা উচিত নয়। নামাজ ও ধর্মীয় পরিবেশে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা বিতর্কিত পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন অভিযোগ করেন, এসব কর্মসূচির মাধ্যমে জনসমাগম ও জনপ্রিয়তা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, যা তিনি ‘রাজনৈতিক পিআর স্টান্ট’ হিসেবে অভিহিত করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় পরিবেশের শালীনতা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :