
বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেত্রী, রাজপথের সাহসী কর্মী এবং সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় মাদারীপুরের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয় পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন।
গত শুক্রবার (৮ মে) বিকেলে মাদারীপুরের শিবচর, রাজৈরের পাইকপাড়া ও টেকেরহাট বন্দরে পৃথক পথসভায় অংশ নেন হেলেন জেরিন খান। পরে রাজৈর বাসস্ট্যান্ডে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন হেলেন জেরিন খান। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯১ সালে ইডেন কলেজ ছাত্রী সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে ছাত্ররাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি গণমাধ্যমেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। বিভিন্ন টেলিভিশন টকশোতে যুক্তিনির্ভর বক্তব্য ও দলীয় অবস্থান তুলে ধরে তিনি নেতাকর্মীদের অনুপ্রাণিত করে আসছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
মাদারীপুরের তৃণমূল নেতাকর্মীদের দাবি, দুঃসময়ে দলের পাশে থাকা এই শিক্ষিত ও পরীক্ষিত নেত্রীকে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। রাজৈর ও শিবচরের নেতাকর্মীরা বলেন, হেলেন জেরিন খান সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হলে মাদারীপুরসহ দেশের নারী সমাজ একজন যোগ্য নেতৃত্ব পাবে।
আপনার মতামত লিখুন :