
ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া আক্তার (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দাদি সনি খাতুন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া আক্তার হালুয়াঘাট উপজেলার কড়ইতলা এলাকার ছমির উদ্দিনের মেয়ে। দুর্ঘটনার সময় শিশুটি তার দাদির কোলে ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মা ও দাদির সঙ্গে সিএনজিযোগে হালুয়াঘাটের কড়ইতলা এলাকায় যাচ্ছিল। পথে নারাঙ্গী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং তার দাদি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত সনি খাতুনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :