বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। আর সেই আয়োজনেই জায়গা করে নিয়েছেন এক বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ঢাকায় জন্ম নেওয়া ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সঙ্গীতশিল্পী, প্রযোজক ও ডিজে সঞ্জয়। ১২ জুন টরন্টোতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে তিনি মঞ্চ মাতাবেন বলে নিশ্চিত করেছে আয়োজকেরা।

সঞ্জয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার খ্যাতনামা ও আন্তর্জাতিক তারকারা। তালিকায় রয়েছেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম ও উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।

আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরবে। একইসঙ্গে বিশ্বকাপ ট্রফির বিশেষ উপস্থাপনাও থাকবে, যেখানে কানাডার বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের বৈচিত্র্য ফুটিয়ে তোলা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠান কানাডার পরিচয় এবং বিশ্বকাপ ২০২৬ ঘিরে উন্মাদনার প্রতিফলন হবে। সংগীত, সংস্কৃতি ও পরিবেশনার মাধ্যমে এটি হবে এক বৈশ্বিক উদযাপন, যা কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—তিন দেশের ঐক্যকে তুলে ধরবে।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, যেখানে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। পরদিন ১২ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে টরন্টোর বিএমও ফিল্ডে। আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনী দিনে দর্শকদের জন্য থাকবে বিশেষ বিনোদন, পুরস্কার ও প্রাক-ম্যাচ আয়োজন। স্টেডিয়ামের গেটও খোলা থাকবে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে থেকে।