বগুড়ায় নবজাতকের মরদেহ পুকুরে ফেলার অভিযোগে মা ও সৎ বাবা আটক


বগুড়া জেলা প্রতিনিধি,তাহেরা জামান লিপি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
বগুড়ায় নবজাতকের মরদেহ পুকুরে ফেলার অভিযোগে মা ও সৎ বাবা আটক

বগুড়ার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে এক নারী ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি উপজেলার তেলিহারা গ্রামের উত্তরপাড়ায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজান মাসে নিপা শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়ার নুর আলমের ছেলে দুলালের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে নিপা একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতককে হত্যা করে মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ঘটনাটিকে নৃশংস উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।