
তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় নতুন করে নাটকীয়তা তৈরি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হওয়ায় থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (৯ মে) তার শপথ নেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় আবারও সাক্ষাৎ করেন তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসনের সমর্থন তিনি এখনো উপস্থাপন করতে পারেননি। এ কারণেই তাকে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।
তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসনের সমর্থন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, চারটি দলের সমর্থনে টিভিকে জোট ১২০ আসনের সমর্থন পেয়েছে। তবে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, বাস্তবে বিজয়ের জোটের আসন সংখ্যা এখন পর্যন্ত ১১৬টি, যা ম্যাজিক ফিগার থেকে কম।
সূত্র আরও জানায়, ভিসিকে দলের সমর্থন থাকলেও আইইউএমএল নামের একটি দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিতে ব্যর্থ হন বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকে-কে সমর্থন করছে না। একইভাবে টিটিভি নামের আরেকটি দলও বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন না দেওয়ার ঘোষণা দেয়।
এর ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে এবং বিজয় টানা তিন দিনের মতো রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, গত ৪ মে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয়ী হয়েছে। কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাদের আরও অন্তত ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। বর্তমান পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :