পুলিশ সপ্তাহ উদ্বোধন রোববার, পদক পাচ্ছেন ১০৭ সদস্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
পুলিশ সপ্তাহ উদ্বোধন রোববার, পদক পাচ্ছেন ১০৭ সদস্য

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হচ্ছে রোববার (১০ মে)। উদ্বোধনী দিনে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবছরের মতো এবারও পুলিশ সপ্তাহকে ঘিরে পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে নানা প্রত্যাশা। আগের বছরের বিশেষ অবদানের স্বীকৃতির পাশাপাশি বিভিন্ন দাবি ও প্রস্তাব সরকারপ্রধানের সামনে তুলে ধরার সুযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পুলিশ বাহিনীর নীতিনির্ধারকরা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারের পুলিশ সপ্তাহে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। এর মধ্যে রয়েছে—দূতাবাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন, কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট গঠন, পুলিশের জন্য আলাদা মেডিকেল সার্ভিস চালু, সিলেট ও বরিশালে নতুন ট্রেনিং সেন্টার স্থাপন, চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর এলাকায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং পৃথক এভিয়েশন পুলিশ গঠন।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশের কার্যকারিতা আরও শক্তিশালী হবে।

চার দিনব্যাপী এই আয়োজনে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, মাঠপর্যায়ের সদস্য এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশ নেবেন।