
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ভার্চুয়ালি বা সরাসরি উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর এই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি।
শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সভায় অংশ নেবেন।
রিজভী বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি দলের মহাসচিবসহ কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন। মতবিনিময়সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরবেন বলে জানা গেছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মসূচি এবং নীতিগত বিষয় নিয়েও আলোচনা ও বিশ্লেষণ উপস্থাপন করা হবে।
দলীয় সূত্র জানায়, এই সভার মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আবারও সংগঠিত ও সক্রিয় করা এবং দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা। পাশাপাশি সরকারের দায়িত্ব গ্রহণের পর চলমান কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে। বিএনপি নেতারা মনে করছেন, এই মতবিনিময়সভার মাধ্যমে দলকে আরও গতিশীল করা এবং রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দেওয়ার সুযোগ তৈরি হবে।
আপনার মতামত লিখুন :